ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম—শায়খে চরমোনাই, এবং সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার।
বক্তব্যে রেজাউল করিম বলেন,
“বিএনপি সহ অন্যান্য দলকে দেশবাসী বহুবার সুযোগ দিয়েছেন। আজ আমরা জাতির কাছে মিনতি করছি—মাত্র একবার ইসলামকে সুযোগ দিন। ইসলাম দুনিয়ায় ফেল করার জন্য আসেনি; ইসলাম এসেছে বিজয়, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য।”
তিনি আরও বলেন,
“ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমানকে হাত পাখায় জয়যুক্ত করুন। ইসলামী সরকার ক্ষমতায় এলে দেশের মেধাকে চুরির কাজে নয়—উন্নয়ন ও রাষ্ট্রগঠনের কাজে ব্যবহার করা হবে। অর্থের অভাবে যাতে মেধাবী ছাত্ররা লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে, তার পূর্ণ দায়িত্ব নেবে ইসলামী সরকার।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক মাও. আবুল কালাম আজাদ, আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ এবং জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম।
গণসমাবেশে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার, এবং বিশেষ ট্রাইব্যুনালে ১৪ দল ও জাতীয় পার্টির বিচার।
নবীনগরের এই সমাবেশে হাজারো মানুষ অংশগ্রহণ করে নেতৃবৃন্দের ঘোষিত দাবির প্রতি সমর্থন জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়