1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ক্যাম্পাসে দলীয় ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা, ব্যানার ছিঁড়লেন রাকসুর জিএস

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ব্যানারটি টানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরসংলগ্ন প্যারিস রোডে টানানো ওই ব্যানারটি নিজ হাতে ছিঁড়ে ফেলেন আম্মার। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি সংশ্লিষ্ট শিক্ষককে বেলা দুইটার মধ্যে ব্যানার অপসারণের সময় বেঁধে দেন।

পরে ব্যানার অপসারণের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে সালাহউদ্দিন আম্মার লেখেন,
‘দৃষ্টি আকর্ষণ করেছিলাম সংশ্লিষ্ট শিক্ষককে দুইটার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। উনি অপসারণ করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যতগুলো উপসর্গ যখনই পাব, শিক্ষকদের তখনই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে একেকজনকে পলিটিক্যাল দালাল বানাইয়া রাখছে।’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন,
‘অন্য আরেকটি দল জামায়াতে ইসলামীর জন্যও একই বার্তা। তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত কোনো বিবৃতিও দেয়নি, মিছিল–মিটিং করেনি। আপনারা যেকোনো দল করেন, রাজনীতি করেন—কিন্তু সেটা ক্যাম্পাসের বাইরে।’

এর আগে সকালে আরেকটি পোস্টে ব্যানার অপসারণের আইনি ব্যাখ্যা দিয়ে আম্মার লেখেন,
‘৭৩-এর অধ্যাদেশের সেকশন ৫৫(২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো এবং শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা যাবে না।’

সেই পোস্টে তিনি আরও বলেন,
‘জিয়া পরিষদের জনৈক সভাপতির ব্যানার দেখলাম। এনারা পার্টটাইম শিক্ষক, ফুলটাইম পলিটিশিয়ান। আমি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রচার চালাতে দেব না। বেলা দুইটার মধ্যে ব্যানার না তুললে আমি নিজেই তুলে ফেলব।’

এ বিষয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন,
‘আমাদের সংবিধান অনুযায়ী জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এটা ওর অজ্ঞতা। ঘোষণা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা ধৃষ্টতা এবং নোংরামির চরম পর্যায়। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পক্ষে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!