ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ।
তিনি জানান, সকালে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানান অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান।
তিনি আরও বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন প্রশাসনিক ধারাবাহিকতায় কোনো শূন্যতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রয়োজনে কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টিও তিনি বিবেচনা করবেন।
এছাড়া রাজনৈতিক সরকার যাতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান বলে জানান। একই সঙ্গে ডেপুটেশন শেষ করে নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়