বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারের সঙ্গে তলে তলে যুক্ত থাকা ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসব ব্যক্তি এখন ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ ধরনের চক্রান্ত রুখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বক্তব্যের শুরুতে তিনি ভোট ডাকাতির প্রতিবাদে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম-খুনের শিকার পরিবারগুলোর ত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে, এখন সময় দেশ গড়ার। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন এবং ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষার পর এবার তা অর্থবহ করার দায়িত্ব জনগণের।
জনসভায় তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, শান্তি, অভিজ্ঞতা ও সব ধর্মের মানুষের ঐক্যের ভিত্তিতে বিএনপি দেশ গড়তে চায়। জনসভায় সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে আগত লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।







