নোয়াখালীর জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীর জন্য প্রতীক না থাকায় তিনি নিজের হাতকে ‘শাপলা কলি’ বানিয়ে তাদের পরিচয় করিয়ে দেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় এ ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
বক্তব্যের এক পর্যায়ে তিনি নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় নোয়াখালী-১ আসনের অধ্যক্ষ মাওলানা মো. ছায়েফ উল্যাহ, ৩ আসনের মাওলানা বোরহান উদ্দিন, ৪ আসনের ইসহাক খন্দকার ও ৫ আসনের অধ্যক্ষ বেলায়েত হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
তবে নোয়াখালী-২ আসনের এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসুদের জন্য কোনো প্রতীক হাতে না থাকায় তিনি নিজের হাতকে শাপলা কলির মতো করে উঁচু করে ধরে তাদের পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, “আমার হাত ধরো, এটাই শাপলা কলি।” এরপর দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীক নিয়ে স্লোগান দেন এবং বাড়িতে গিয়ে মা-বোনদের কাছে এ দুই প্রতীকের কথা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এর আগে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। সভায় জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়