ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা গ্যাস সংকট নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত সভায় ইশতেহার ঘোষণা করে তিনি নিজেকে ‘এলাকার ঘরের মেয়ে’ উল্লেখ করে ফুটবল প্রতীকে ভোট চান।
ইশতেহারে গ্যাস সংকট নিরসনকে অগ্রাধিকার দিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির কথা বলেন তাসনিম জারা। গ্যাস না থাকলে বিল মওকুফ এবং ন্যায্যমূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে সংসদে আইন প্রস্তাব আনার প্রতিশ্রুতি দেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার, ভাঙা রাস্তা দ্রুত সংস্কার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদারের কথা জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন ও নারীস্বাস্থ্য সেবায় বিশেষ উদ্যোগের ঘোষণাও দেন।
মাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে ধরে তরুণদের জন্য সুস্থ বিনোদন নিশ্চিত করার অঙ্গীকার করেন তাসনিম জারা। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার, নারীবান্ধব পরিবহন ব্যবস্থা এবং স্কুল ভর্তিতে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ না থাকার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা, তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ, স্টার্টআপ ফান্ড এবং প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন এই স্বতন্ত্র প্রার্থী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়