মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস কুয়েত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সংবেদনশীল হয়ে ওঠায় স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২ মার্চ) রাত ৮টা ৩৯ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সামরিক বা নিরাপত্তাসংক্রান্ত কোনো দৃশ্য ছবি বা ভিডিও ধারণ করা যাবে না। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বা লাইভ সম্প্রচার থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস জানায়, কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির প্রচলিত আইন অত্যন্ত কঠোর। বিশেষ করে সামরিক বা প্রতিরক্ষা-সম্পর্কিত ঘটনার চিত্র ধারণ ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
প্রবাসীদের গুজব বা যাচাইবিহীন তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়ে যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের অফিসিয়াল সূত্র থেকে আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে কুয়েত কর্তৃপক্ষ নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের দায়িত্বশীল আচরণ পুরো কমিউনিটির স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়