রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে গুরুতর আহত করেছে কিছু দুর্বৃত্ত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের ঘটনায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, কামালের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে।
স্বজনদের দাবি, কামাল ইকুরিয়া এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন ৭ থেকে ৮ জন মোটরসাইকেলযোগে এসে তাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে আঘাত করেছে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
কামালের পরিবারের অভিযোগ, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক। তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের লোকজন তার ওপর এই হামলা চালিয়েছে বলে তারা মনে করছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।