পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
অন্যদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানায়, সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ২১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীর এলাকায় এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
পিএমডি আরও জানায়, ভূমিকম্পের প্রভাব গিলগিট-বালতিস্তান, পেশোয়ার ও খাইবার-পাখতুনখোয়ার সংলগ্ন অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
গিলগিট-বালতিস্তানের তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাহাড় থেকে বড় পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি সংযোগ সড়ক ও একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক পরিষ্কারে ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। তিনি জানান, সড়ক দিয়ে চলাচলের সময় একটি পাথরের আঘাতে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান আরব, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটিতে একাধিক ফল্ট লাইন সক্রিয় থাকায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত ৯ জানুয়ারি তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়