রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৮ মার্চ।
রোববার (২২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন।
মামলায় মোট আসামি আটজন। তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে দুইজন গ্রেপ্তার থাকায় বাকি ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা।
এর আগে গত ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট একটি বিশেষ অভিযান চালায়, যার নাম ছিল ‘অপারেশন স্টর্ম-২৬’। ওই অভিযানে ৯ জন তরুণ নিহত হন। তখন তাদের জঙ্গি হিসেবে দাবি করা হলেও পরবর্তীতে বিভিন্ন তদন্ত ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে ঘটনাটি পরিকল্পিত ‘জঙ্গি নাটক’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আলোচনায় আসে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়