ভোটের মাঠের প্রতিপক্ষ নাহিদ ইসলাম–এর সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসভবনে পৌঁছান তিনি। এ সময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ ইসলাম।
তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যায় তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গেও নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সাক্ষাৎ শেষে সেখান থেকে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।







