1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দীর্ঘ ১৯ বছরেরও বেশি সময় পর তিনি তার বাবা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে তার গাড়িবহর জিয়া উদ্যানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আগের দিন বিমানবন্দর থেকে যেই বুলেটপ্রুফ বাসে তিনি এসেছিলেন, সেই বাসেই তিনি শেরেবাংলা নগরে যান। লাল-সবুজ রঙে সাজানো বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড়ের কারণে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা।

বিকেল ৪টা ৩৬ মিনিটে বাস থেকে নেমে তিনি হেঁটে শহীদ জিয়াউর রহমানের সমাধির দিকে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি মোনাজাতে অংশ নেন। এ সময় তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

কবর জিয়ারত শেষে একই বাসে করেই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। তার আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্মৃতিসৌধের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। দেশে ফেরার পর তিনি জনসমুদ্রে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। রাতে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান।

আগামী শনিবার নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন তারেক রহমান। জাতীয় পরিচয়পত্রের কাজ শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে তিনি শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করে জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেবেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!