যেকোনো বিপদে–আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কড়াইলের সন্তানদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (২০ জানুয়ারি) বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তব্যে বিএনপির চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন মা-বোনদের শিক্ষার প্রসারে বিনামূল্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহু উপকার পেয়েছে।
তারেক রহমান বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার ছেলে—তবে এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় হলো, আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি।” তিনি কড়াইলবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন আল্লাহর দরবারে একসঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনা করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে পরিবার কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আল্লাহ তওফিক দিলে কৃষকদের জন্যও পরিবার কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তার ভাষায়, “আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এসব উদ্যোগ বাস্তবায়ন করব।”
কড়াইল বস্তিবাসীর সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমার যেমন সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমরা চাই কড়াইলের সন্তানরা বিদেশি ভাষায় কথা বলতে শিখুক এবং উন্নত চিকিৎসাসেবা পাক।” এ জন্য শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার আবাসন সমস্যার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, সবাই যাতে থাকার সুযোগ পায়, সে জন্য ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে কড়াইল এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমি আগে ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা আমি ভুলিনি।” এসব অভিজ্ঞতা থেকেই তিনি সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারেন এবং কড়াইলবাসীর জন্য কাজ করতে চান বলে উল্লেখ করেন।
বক্তব্যের শেষে স্বাধীনতা যুদ্ধ ও সাম্প্রতিক ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারেক রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়