আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি দমন—এই দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “আমাদের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা নিশ্চিত করা। অর্থাৎ মানুষ যেন নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে—এটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতিকে যেভাবেই হোক আমাদের অ্যাড্রেস করতে হবে।”
তিনি বলেন, দুর্নীতি বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন রকমভাবে রয়েছে। এসব সমস্যাকে যদি সঠিকভাবে মোকাবিলা করা যায়, তাহলে দেশের অন্যান্য সমস্যার অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে আসবে। “এই দুইটি বিষয় ঠিকভাবে সমাধান করাই আমার মূল পরিকল্পনা,”—যোগ করেন তিনি।
গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই সাক্ষাৎ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে জাইমা রহমান।
আলাপচারিতায় বিজয়ীরা তারেক রহমানের কাছে নানা প্রশ্ন করেন। এ সময় ফ্যামিলি কার্ড কারা পাবেন, স্বামীহারা নারীরা এই সুবিধার আওতায় আসবেন কি না—এমন প্রশ্নও উঠে আসে।
জবাবে তারেক রহমান বলেন, একক মায়েরা (সিঙ্গেল মাদার), স্বামী পরিত্যক্তা নারী কিংবা যাঁরা বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে আছেন—তাঁদের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ১৩৮টি প্রকল্প চালু রয়েছে, কিন্তু সেগুলো সঠিকভাবে সমন্বিত নয়।
তিনি বলেন, “একজন ব্যক্তি একাধিক সুবিধা পাচ্ছেন, অথচ আরেকজন কিছুই পাচ্ছেন না। এতে সম্পদের অপচয় হচ্ছে। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই ব্যবস্থাকে সংগঠিত করতে চাই।”
ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে তিনি সার্বজনীন হিসেবে উল্লেখ করে বলেন, “একজন কৃষকের স্ত্রী যেমন এই সুবিধা পাবেন, তেমনি একজন ভ্যানচালকের স্ত্রী বা একজন অফিস কর্মকর্তার স্ত্রীও এই কার্ড পাবেন।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়