ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো ঘাতকদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর তেজগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থল তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কারওয়ান বাজার মোড় হয়ে তেজগাঁও থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা প্রায় ৩০ মিনিট ধরে থানা ঘেরাও করে রাখেন এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের চাপে তেজগাঁও থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর মিছিলটি কারওয়ান বাজার মোড় হয়ে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, পুলিশ তাদের আশ্বস্ত করেছে যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, “মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিহতের পরিবার, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা থানায় এসেছিলেন। আমরা তাদের জানিয়েছি যে, ঘটনাস্থলের আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের পরিচয় প্রকাশ ও গ্রেপ্তার সম্ভব হবে।”
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে আজিজুর রহমান মোসাব্বির নিহত হন। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়