কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, যা রাত আড়াইটার দিকেও চলছিল। অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়।
স্থানীয়দের মতে, কলাতলীর দক্ষিণ আদর্শগ্রামে জনবসতির ভেতরে রামুর এন আলম গ্রুপ অব কোম্পানির একটি গ্যাস পাম্প স্থাপন করা হয়, যা কয়েকদিন আগে থেকে গ্যাস সরবরাহ শুরু করে। বুধবার সন্ধ্যায় ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে প্রথমে পাম্প এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও গ্যাস নির্গমন বন্ধ করা সম্ভব হয়নি।
পরে গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে পাম্পের ১০০ মিটারের মধ্যে আগুন জ্বালানো থেকে সবাইকে বিরত থাকতে মাইকিং করা হয়। তবে পাশের একটি জিপ মেরামতের কারখানায় অসাবধানতাবশত কেউ সিগারেট ধরালে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন দগ্ধ হন।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, পাম্পে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়