শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির শুরুতে মামলার প্রেক্ষাপট তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট দেওয়া হবে। এরপর এক নম্বর সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে মূল বিচারপ্রক্রিয়া এগোবে। এ মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
গত ১৪ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে গাজীপুরে তিনজনকে হত্যার ঘটনা ছাড়াও ২০১০–২০১৩ সময়ে বরগুনাসহ বিভিন্ন এলাকায় শতাধিক মানুষ হত্যার দায় তার বিরুদ্ধে আনা হয়েছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়