বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২৩ বছর পর আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে এবং জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (বড় মাঠ) মাঠে যাবেন তারেক রহমান। জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁও সফর করেছিলেন।
জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, “তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা ও চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়ন আমাদের প্রধান অগ্রাধিকার হবে।”