নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বগুড়া-৬ এর উপনির্বাচন এবং শেরপুর-৩ এর নির্বাচন শিগগিরই হবে, ইনশাল্লাহ। ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই এগুলো সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। কারণ, পহেলা বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়। এজন্য এর আগেই নির্বাচন করার চেষ্টা করছি।”
স্থানীয় সরকার নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের ভোট একই সময়ে হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনের ভোট ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এটি মূলত সংসদের প্রতিনিধিত্বকারী দলের জন্য। যারা মনোনীত হয়েছেন, তাদের ভোটাভুটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে শপথের ৯০ দিনের মধ্যে এটি সম্পন্ন করতে হবে।”
সংরক্ষিত নারী আসনের তফসিলের বিষয়ে তিনি বলেন, “শিগগিরই তফসিল দেওয়া হবে, ৯০ দিনের মধ্যে। ভোটাভুটি ইতোমধ্যে শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো যাকে মনোনয়ন দিয়েছে, সেটিই ভোটাভুটি হচ্ছে। আমরা শুধু ফরমালিটি সম্পন্ন করব।”
উপনির্বাচনে পোস্টাল ব্যালট থাকবে কি না জানতে চাইলে ইসি জানান, “পোস্টাল ব্যালট উপনির্বাচনেও থাকবে। একটিতে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বগুড়ার নির্বাচনের জন্যও আমরা পোস্টাল ব্যালট দেব। যারা ইতিমধ্যেই নিবন্ধন করেছেন, তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে। প্রয়োজনে দুই-চার দিন সময় দেওয়া যেতে পারে।”
রোজার মধ্যে সংরক্ষিত আসনের তফসিল পাঠানো সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টি আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো হবে।”
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, “অধ্যাদেশের মাধ্যমে পার্টি-নমিনেটেড মেয়র প্রার্থীর বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে। পার্লামেন্টে বিষয়টি পরিবর্তন না হলে এটি সেইভাবে কার্যকর হবে।”
নির্বাচন কমিশনারের এই ঘোষণা অনুযায়ী, চলতি বছরের মধ্যে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের ভোট কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনের ভোট এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাসহ অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে কমিশন কাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়