কালিয়াকৈর উপজেলায় একই রাতে পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাকিষবাতান আবাসিক এলাকা ও উপজেলার বোর্ডঘর এলাকায় এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মাকিষবাতান এলাকায় শহিদুল ইসলামের সুতার মুবিন গোডাউনে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বসতবাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গোডাউনের মালামাল, একটি টিনের ঘর ও পাশের একটি ১০ তলা ভবনের জানালার অংশ পুড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকায় গোডাউন সরানোর জন্য একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে একই রাতে বোর্ডঘর এলাকার একটি বাজারে আগুনে ৯টি দোকানঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দোকানের মালামাল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, একটি গোডাউনে গ্যাসের চুলা থেকে এবং বাজারের আগুনটি সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগতে পারে।
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার বলেন, আবাসিক এলাকায় গোডাউন থাকার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়