শরীয়াহ পদ্ধতিতে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে সরকার। এটি ব্যাংকটির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। এ ঋণের বিপরীতে বছরে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ জানুয়ারি) ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক–১’ নামে এই সুকুক ইস্যুর ভিত্তি হিসেবে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবা নির্ধারণ করা হয়েছে। সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে।
সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংক থেকে এই ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ারের মাধ্যমে এসেছে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়