
অবৈধ মোবাইল ফোন বিক্রি রোধে সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোন বন্ধের আওতায় আসবে না। মূল লক্ষ্য হলো ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বাজার থেকে হটানো।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে জানান, ক্লোন করা ও অবৈধ ফোন বন্ধ করার বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। তিনি বলেন, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য আরও সহজ করতে কাজ চলছে।
তাঁর পরামর্শ—নিজের নামে নিবন্ধিত সিম যদি কোনো ক্লোন করা হয়নি, এমন ফোনে ব্যবহার করা হয়, তবে কোনো ঝামেলায় পড়তে হবে না। তাই সবসময় সিম নিজের নামে রাখতে হবে। তিনি আরও বলেন, প্রবাসীরা নিয়ম মেনে বাইরে থেকে একটি বা দুটি ফোন আনতে পারবেন এবং সেগুলো নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করলেই কোনো সমস্যা হবে না। দুটির বেশি ফোন আনলে এনবিআরের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি দিতে হয়—এ নিয়ম আগের মতোই বহাল থাকবে।
গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা প্রয়োজন, সরকারের পক্ষ থেকে তা করা হবে বলেও জানান ফয়েজ তৈয়্যব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply