ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে ক্ষমতায় গেলে শরিয়া বা ইসলামি আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেছে দলটি।
বুধবার বিকাল পৌনে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইশতেহারে উল্লেখ করা হয়, নির্বাচনে জয়লাভ করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতার ভারসাম্য রক্ষা করবে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় শরিয়ার প্রাধান্য, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা, সকল জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ধর্ম ও রাজনীতির সমন্বয়ের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দলটি দাবি করেছে, তাদের রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য হলো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সে সময় দলটি ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানায়।
পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯টি আসনে প্রার্থী ঘোষণা করে। দলটির প্রার্থীরা আসন্ন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়