সারা দেশে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে চরম অস্বস্তি নেমে এসেছে। এরই মধ্যে আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (৫ জানুয়ারি) তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর দেশের আট বিভাগের বিভিন্ন জেলা মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়তে পারে।
তার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগ পর্যন্ত সূর্যের দেখা নাও মিলতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায়। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে এবং চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন।
আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের আবহাওয়া পর্যালোচনায় বলা হয়েছে, নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বেড়ে যাবে।
এছাড়া জানুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। এ সময় দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়