1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

আনুষ্ঠিকভাবে সরে গেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও বৈশ্বিক জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন সতর্কতা উপেক্ষা করেই ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত কার্যকর করেছে। এর ফলে জাতিসংঘের এই সংস্থাটি তাদের অন্যতম বৃহৎ অর্থদাতাকে হারালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এক বিবৃতিতে জানায়, মহামারি মোকাবিলায় ডব্লিউএইচওর কথিত ব্যবস্থাপনাগত ব্যর্থতা, সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে একটি নির্বাহী আদেশে ডব্লিউএইচও থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে সই করেন। কোভিড-১৯ মহামারির সময় সংস্থাটি চীনের প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখিয়েছে—এমন অভিযোগ তুলে তিনি ডব্লিউএইচওর কঠোর সমালোচনা করেছিলেন।

তবে ডব্লিউএইচও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রেয়েসুস বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু ডব্লিউএইচওর জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। তিনি ডব্লিউএইচওর বৈশ্বিক কার্যক্রমের উদাহরণ হিসেবে পোলিও নির্মূল, এইচআইভি প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির কথা উল্লেখ করেন।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওর অন্যতম বড় অর্থদাতা হলেও ২০২৪ ও ২০২৫ সালের চাঁদা পরিশোধ করেনি। এর ফলে সংস্থাটিকে ব্যাপক চাকরি ছাঁটাইয়ের মুখে পড়তে হয়েছে। ডব্লিউএইচওর আইনজীবীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রায় ২৬০ মিলিয়ন ডলার (১৯৩ মিলিয়ন পাউন্ড) বকেয়া রয়েছে, যা পরিশোধের বাধ্যবাধকতা আছে। তবে ওয়াশিংটন জানিয়েছে, তারা এই অর্থ পরিশোধের কোনো কারণ দেখছে না।

এদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ডব্লিউএইচওতে দেওয়া সব সরকারি অর্থায়ন বন্ধ করা হয়েছে। জেনেভায় সংস্থার সদর দফতরসহ বিশ্বজুড়ে ডব্লিউএইচওর অফিসগুলো থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ডব্লিউএইচওর সঙ্গে যুক্তরাষ্ট্রের শত শত যৌথ কার্যক্রম স্থগিত বা বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে বলেন, ডব্লিউএইচও যুক্তরাষ্ট্রের দেওয়া অবদানকে ‘কলঙ্কিত ও ধ্বংস’ করেছে এবং সংস্থাটি তার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে বারবার যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এমনকি জেনেভার সদর দফতরে থাকা মার্কিন পতাকা ফিরিয়ে দিতেও ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করেন। বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে ডব্লিউএইচওর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কেবল প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা এবং মার্কিন জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

উল্লেখ্য, গত এক বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আসছিলেন। চলতি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রেয়েসুস বলেন, “আমি আশা করি যুক্তরাষ্ট্র আবার ফিরে আসবে।” একই সুরে মন্তব্য করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনস্বাস্থ্য দাতা বিল গেটসও।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!