বন্যপ্রাণী হত্যা রোধে প্রণয়নাধীন নতুন আইনে জামিনের কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, “বন্যপ্রাণী হত্যা মামলায় আর জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে। আমরা অনেক সময় মেছো বিড়ালকে ভুল করে মেছোবাঘ মনে করে হত্যা করি। এমন একটি ইনোসেন্ট প্রাণীকে মেরে ফেলা এবং তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানবিকতার পরিপন্থী।”
তিনি আরও বলেন, “আমাদের আচরণগত ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। একটি প্রাণীর অস্তিত্ব অন্যটির সঙ্গে সম্পর্কিত। তাই যদি আমরা মানসিকভাবে পরিবর্তন না হই, তাহলে কোনো আইনে বন্যপ্রাণী রক্ষা সম্ভব নয়।”
পরিবেশ উপদেষ্টা বলেন, “ডলফিন আমাদের নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে। ডলফিন নিয়ে কথা বলা মানে আমাদের বেঁচে থাকার কথাই বলা। নদীর পানি যদি দূষিত হয়, তা যেমন ডলফিনের জন্য বিপদ, তেমনি মানুষের জন্যও।”
তিনি আরও যোগ করেন, “ডলফিনের সংখ্যা বাড়লে বুঝতে হবে আমরা নদী রক্ষা করছি। কমলে বুঝতে হবে আমরা নদীগুলোকে বিপদে ফেলেছি। বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, সমাজের মূল্যবোধ ও মানবিকতা পুনরুদ্ধারও জরুরি।”
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারীসহ অন্য কর্মকর্তারাও বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন করা হয় এবং ডলফিন বিষয়ক শিক্ষামূলক প্রদর্শনীরও আয়োজন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়