২০২৬ সালের সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এবং ২০২৫ সালের একই মাসের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের জানুয়ারিতে ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে। দ্বিতীয় সর্বোচ্চ ছিল একই অর্থবছরের মে মাসে ২৯৭ কোটি ডলার। পরে সেই রেকর্ড ভেঙে ২০২৫ সালের ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়