বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, গত ১৫ বছরের দুঃশাসনের কারণে দেশ অনেক পিছিয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, “যদি জনগণ গণতান্ত্রিকভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলেই একমাত্র স্থানীয় সমস্যার সমাধান সম্ভাব্য হবে।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও এলাকার সমস্যা সমাধানের জন্য গণতন্ত্রের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সবাইকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রাখতে হবে। শুধু জাতীয় নির্বাচনে নয়, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদেও জনপ্রতিনিধি নির্বাচন জরুরি। এতে সব জায়গায় জবাবদিহিতা ও জনগণের সমস্যা সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেক এলাকার মৌলিক সমস্যার কথাও শুনেন বিএনপি চেয়ারম্যান।
ভাষানটেকে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসনের স্ত্রী ডা. জুবাইদা রহমান, উপদেষ্টা আব্দুস সালাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়