স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
সোমবার (১৯ জানুয়ারি) কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রা করা একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ এক বিবৃতিতে বলেন, “দেশ একটি গভীর বেদনাবিধুর রাত অতিক্রম করবে।”
দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় মোট অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের কাছে পৌঁছাতে গিয়ে উদ্ধারকর্মীদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে।
আদমুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি দুস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ট্রেনটিতে প্রায় ৩০০ জন এবং দ্বিতীয় ট্রেনটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়