1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মাদুরো আটক: ‘ডিসকম্বোবুলেটর’ নামে গোপন অস্ত্র ব্যবহারের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অস্ত্রটির নাম উল্লেখ করেন ‘ডিসকম্বোবুলেটর’ হিসেবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই প্রযুক্তি শত্রুপক্ষের যন্ত্রপাতি ও প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়, যার ফলে মাদুরোকে আটক করা সম্ভব হয়।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ অস্ত্র সম্পর্কে বিস্তারিত বলার এখতিয়ার তাঁর নেই। তবে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা পরে জানান, ট্রাম্প সম্ভবত আলাদা কোনো নির্দিষ্ট অস্ত্র নয়, বরং বিভিন্ন সামরিক ও সাইবার সক্ষমতার সমন্বিত ব্যবহারের কথাই ইঙ্গিত করেছেন।

ওই কর্মকর্তার মতে, অভিযানের সময় ভেনেজুয়েলার আগাম সতর্কতা ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক ও প্রতিরক্ষাব্যবস্থা নিষ্ক্রিয় করতে সাইবার সরঞ্জাম ব্যবহার করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ের বাহিনীকে বিভ্রান্ত করতে শব্দভিত্তিক প্রযুক্তির প্রয়োগও হয়ে থাকতে পারে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বহুল আলোচিত অ্যাকটিভ ডিনায়েল সিস্টেম (এডিএস)–এর কথাও উঠে এসেছে। এটি একটি অপ্রাণঘাতী তাপ বিকিরণ প্রযুক্তি, যা ত্বকে তীব্র গরম অনুভূতি তৈরি করে মানুষকে সরে যেতে বাধ্য করে। তবে মাদুরোকে আটক করার সময় এডিএস ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে অভিযানের সময় অস্বাভাবিক শব্দ বা তরঙ্গের অভিজ্ঞতার কথা বলা হয়। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সিএনএন।

৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযানের শুরুতে দেশটির রাডার, যোগাযোগ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হেলিকপ্টার ও বিমান সহজে অগ্রসর হতে পারে বলে জানানো হয়।
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, অভিযানে ২০টি স্থল ও সামুদ্রিক ঘাঁটি থেকে বোমারু ও নজরদারি বিমানসহ ১৫০টির বেশি উড়োজাহাজ ব্যবহৃত হয়।

তবে ঠিক কোন স্থানে এবং কীভাবে মাদুরোকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!