ইরানের ওপর মার্কিন হামলাকে পুরোপুরি অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে গায়ে পড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছেন।
আল জাজিরা–এর প্রতিবেদনে বলা হয়, মার্কি এক বিবৃতিতে জানান—এই সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।
তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত শুধু ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এতে ওই অঞ্চলে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনা ও সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।
মার্কি আরও দাবি করেন, ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক হুমকিকে অতিরঞ্জিত করে তুলে ধরেছেন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না।
তার অভিযোগ, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ চালিয়ে ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি এই সংকটকে ট্রাম্পের ‘নিজ হাতে তৈরি করা বিপদ’ বলে উল্লেখ করে ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ না করার আহ্বান জানান।







