চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
পালানোর সময় সেনাবাহিনী মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দুজনকে আটক করে। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়