বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহৃত বুলেটপ্রুফ চলন্ত গাড়িতে একটি খাম লাগিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চার দিন পেরিয়ে গেলেও ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে রোববার। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার পর গুলশানস্থ রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন তারেক রহমান। এ সময় সামনে ও পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ)সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে এসে তারেক রহমানের গাড়ি স্পর্শ করে একটি আঠাযুক্ত খাম লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সটকে পড়ে। মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরিহিত থাকায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খামের ভেতরে কী ছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “ঘটনার পর গুলশান থানায় একটি জিডি করা হয়েছে। তবে এখনো মোটরসাইকেল বা চালকদের শনাক্ত করা যায়নি।”
তিনি আরও বলেন, “হঠাৎ একটি মোটরসাইকেল এসে এভাবে খাম লাগিয়ে চলে যাওয়ার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। আশপাশের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল আরোহীদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি তাদের খুঁজে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়