খুলনা নগরীতে ২০ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় দুই যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত ও বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর লবণচরা ও টুটপাড়া মওলার বাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি লবণচরা ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আয়নুল সেখানে দাঁড়িয়ে থাকাকালে কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। দুইটি গুলি তার ডান পায়ের হাঁটুতে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। লবণচরা থানার এসআই খালিদ হাসান বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আহত আয়নুলের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর টুটপাড়া মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে আরেক যুবককে গুলি করা হয়। তিনি ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা থানার ওসি মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়