মৌলভীবাজারর শ্রীমঙ্গল উপজেলা-এর সিন্দুরখান ইউনিয়ন-এর দুর্গানগর গ্রামে খাল খননের সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে রাত আটটার দিকে বিশেষজ্ঞ দল মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
সোমবার দুপুরে গ্রামের কৃষক শহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ধাতব বস্তু দেখতে পান। স্থানীয়রা আশঙ্কা করেন এটি বোমা, লঞ্চার বা মাইন হতে পারে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি পরীক্ষা করে এটি মর্টার শেলের অংশ হিসেবে শনাক্ত করেন এবং পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
রাত ৮টার দিকে বিশেষজ্ঞ দল মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে। সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। পরে বোম ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষার পর মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।”
পরে জানা গেছে, উদ্ধার হওয়া গোলাবারুদটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়