ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি দেশটির সব পারমাণবিক স্থাপনা ও অবকাঠামো ধ্বংসের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে অবহিত করেছেন বলে জানান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রধান ইহুদি সংগঠনগুলোর নেতাদের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, তেহরানের হাতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা থাকতে পারে না। শুধু প্রক্রিয়া স্থগিত নয়, বরং যেসব যন্ত্রপাতি ও অবকাঠামো সমৃদ্ধকরণ সম্ভব করেছে, সেগুলোও ধ্বংস করতে হবে। তিনি আরও বলেন, চুক্তির আওতায় ইরান থেকে সমৃদ্ধ উপাদান সরিয়ে নেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের একজন মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখায়, তাহলে তেহরানও পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে আপস বা সমঝোতার কথা বিবেচনা করতে প্রস্তুত।
এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে রওনা হয়েছেন। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়