স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি ঐতিহাসিক এই জনপদ ঘুরে দেখেন মার্কিন এই দম্পতি।
পুরান ঢাকা সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “শুভ দিন। আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি।” তিনি উল্লেখ করেন, ২০২১ সালে তাঁর পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার পুরান ঢাকার একটি ঐতিহাসিক স্থাপনাকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ‘অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর জন্য মনোনীত করেছিলেন, যা সংরক্ষণ কার্যক্রমের একটি চমৎকার উদাহরণ।
লালবাগ কেল্লার সংস্কারকাজের প্রশংসা করে তিনি বলেন, এখানে দারুণ কাজ হয়েছে এবং এখন এটি কয়েক বছর আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ও আরও সুন্দর। তিনি জানান, আগে একবার এখানে এলেও প্রথমে মনে পড়েনি, পরে ঘুরে দেখার সময় স্মৃতিতে ফিরে আসে। আবার এখানে আসতে পেরে এবং উষ্ণ আতিথেয়তা পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
এদিকে মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী পুরান ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর সহায়তায় সংস্কার করা হয়েছে।
মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শনের পর তারা কেল্লার তৎকালীন রাজকীয় স্নানাগার হাম্মামখানা ঘুরে দেখেন এবং পুনরুজ্জীবিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কাজ পর্যবেক্ষণ করেন।
লালবাগ কেল্লা থেকে বেরিয়ে তারা যান সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানে। সেখানে কিছু সময় কাটানোর পর পুরান ঢাকার চিরচেনা ব্যস্ত গলিপথে হেঁটে বেড়ান তারা। যান্ত্রিক শহরের ভিড়ে পুরান ঢাকার মানুষের জীবনযাত্রা ও অলিগলি দেখে রাষ্ট্রদূত বেশ রোমাঞ্চিত হন।