জাতীয় সংসদ নির্বাচন শেষে আগামী মার্চ মাসে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। তিনি আগামী ৬ থেকে ৯ মার্চ বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই পল কাপুরের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে পল কাপুরের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়েই তিনি বাংলাদেশে আসতে আগ্রহী বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন। পরে তার মনোনয়ন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির অনুমোদন পায়। চলতি বছরের অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়