সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা Reuters।
এক যুগ আগে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থানের সময় সিরিয়ায় কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আইএসের উত্থানের পর প্রায় ২ হাজার সেনা পাঠানো হয় দেশটিতে। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। তাদের সবাইকে শিগগিরই ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ-এর সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে উত্থান ঘটে ইসলামিক স্টেট (আইএস)-এর। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে তথাকথিত ‘খিলাফত’ ঘোষণা করে।
আইএস দমনে সে সময় সিরীয় সরকারকে সহযোগিতা করতে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, “আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই গোষ্ঠীকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আইএসের যে কোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত।”
তিনি আরও বলেন, “বর্তমানে সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার রয়েছে এবং আইএসের হুমকিও আগের তুলনায় দুর্বল। তাই আমরা সেখান থেকে সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে একটি গ্রুপ দেশে ফিরেছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মি৭১/আনি/২৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়