তেঁতুলিয়া উপজেলার গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন পরীক্ষার্থীর একজনও দেশের জাতীয় সংগীত সম্পূর্ণ লিখতে পারেননি। ফলে যোগ্য প্রার্থী না পাওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করেছে উপজেলা নিয়োগ বোর্ড।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুম-এ এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি ইউনিয়নের পাঁচটি শূন্য পদে ‘মহল্লাদার’ (গ্রাম পুলিশ) নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল।
নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ-এর নির্দেশনা অনুযায়ী তিরনইহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি, তেঁতুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি, শালবাহান ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দুটি এবং দেবনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি—মোট পাঁচটি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর বিপরীতে ৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার বাংলা অংশে জাতীয় সংগীত লিখতে বলা হলে উপস্থিত কেউই তা সম্পূর্ণভাবে লিখতে পারেননি। গ্রাম পুলিশ নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস হলেও প্রার্থীদের এ মৌলিক বিষয়টি লিখতে না পারায় নিয়োগ বোর্ড হতাশা প্রকাশ করে। পরে যোগ্য প্রার্থী নির্বাচিত করা সম্ভব না হওয়ায় পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু বলেন, পাঁচটি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। জাতীয় সংগীত লিখতে বলা হলে একজন পরীক্ষার্থীও তা সম্পূর্ণ লিখতে পারেননি। গ্রাম পুলিশদের মাঠ পর্যায়ে বিভিন্ন দাপ্তরিক কাজ ও শৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকতে হয়, তাই তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি।
তিনি আরও জানান, শূন্য পদগুলো পূরণের জন্য খুব শিগগিরই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়