রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এই মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকটি গ্রহণ করেন ব্যান্ডটির দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু।
পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় টিপু বলেন, এটি ওয়ারফেজের জন্য গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। সংগীতে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাওয়া তাদের জন্য বড় সম্মানের। তিনি জানান, এই সম্মান শুধু ব্যান্ডের নয়; বরং দীর্ঘ যাত্রায় পাশে থাকা শ্রোতা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদেরও।
বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, এই পদক তারা তাদের ভক্তদের উৎসর্গ করছেন। টিপু আরও বলেন, ভক্তদের বিশ্বাসই সবসময় তাদের সবচেয়ে বড় শক্তি—এই একুশে পদক মূলত ভক্তদেরই।
উল্লেখ্য, ভাষা আন্দোলন, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রতিবছর বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়