ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় কারা স্থান পাচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও পেশাগত দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে সম্ভাব্য তালিকা চূড়ান্ত করছেন। মন্ত্রিসভার আকার ৩২ থেকে ৪২ সদস্যের মধ্যে রাখার চিন্তা রয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) অনুযায়ী, মোট সদস্যের সর্বোচ্চ এক-দশমাংশ টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। অর্থাৎ ৪০ সদস্যের মন্ত্রিসভায় চারজন টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন।
দলীয় সূত্রে জানা গেছে, টেকনোক্র্যাট কোটায় নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, হুমায়ুন কবীর, অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মাহদী আমিন, আমিনুল হক এবং ড. জিয়াউদ্দিন হায়দার মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যেও কয়েকজনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে আছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, আমানউল্লাহ আমান, হাবিবুর রশীদ, শেখ রবিউল আলম, রকিবুল ইসলাম বকুল, মোহাম্মদ আলী আসগর লবি, নুরুল ইসলাম মনি, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মজিবর রহমান সরওয়ার, এবিএম মোশাররফ হোসেন, জহির উদ্দিন স্বপন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং ব্যারিস্টার কায়সার কামাল।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের গুঞ্জনও রয়েছে।
মিত্র দলগুলোর মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুরের। এছাড়া নির্বাচনে পরাজিত হলেও মাহমুদুর রহমান মান্নার নাম টেকনোক্র্যাট কোটায় আলোচনায় রয়েছে।
দলীয় নীতিনির্ধারকরা জানিয়েছেন, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই টেকনোক্র্যাট কোটার চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে। শপথ গ্রহণের দিন আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়