পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সংঘাতকে দুঃখজনক উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি কারও জন্যই মঙ্গলজনক নয়।

সৌদি আরবের জেদ্দা শহরে ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) নির্বাহী কমিটির বৈঠক শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ। সৌদি আরব সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি জানান, ওআইসিভুক্ত অনেক দেশ বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরব-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা প্রকাশ করেন।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় থেকেই এই নীতিগত অবস্থান বজায় রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বৈদেশিক সফরে কোন দেশে যাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।