বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও একটি রাজনৈতিক দলের আচার-আচরণ গভীরভাবে সন্দেহজনক। তারা দেশকে কোন দিকে নিতে চায়, তা নিয়েই তারা নিজেরাই বিভ্রান্ত। তার মতে, সম্ভবত দলটির ভেতরে কোনো বিশেষ ‘কর্মপরিকল্পনা’ রয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি অভিযোগ করেন, জামায়াতের দ্বিচারিতা সাধারণ মানুষের মধ্যে সংশয় ও বিভ্রান্তি তৈরি করছে। বিশেষ করে নারীদের কর্মঘণ্টা প্রসঙ্গে দলটির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তারা প্রথমে নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করার কথা বললেও পরে আল-জাজিরাকে জানিয়েছে—তারা এমন কিছু বলেনি। এমনকি জামায়াতের আমিরও দাবি করেছেন, তিনি এ বক্তব্য দেননি।
বাংলাদেশের তৈরি পোশাক খাতে নারীদের বিশাল অবদানের কথা তুলে ধরে রিজভী প্রশ্ন করেন, এই শক্তি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে নাগরিক অধিকার আদৌ থাকবে কি না।
বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা বা শুভচিন্তার কথা স্পষ্ট না করে চাটুকারিতার ভাষায় কথা বলছে। তার দাবি, জামায়াত প্রধান কখনোই নারীদের উচ্চপদে যেতে দেবেন না।
তিনি সতর্ক করে বলেন, বর্তমানে নারীদের দিয়ে ভোট কার্যক্রম চালানো হলেও জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরাই।
সংবাদ সম্মেলনে রিজভী একটি ‘গোপন চিঠি’র কথাও উল্লেখ করেন। তিনি জানান, নাহের ইসলাম নামের এক নারী শিক্ষিকাকে ওই চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।
এ ছাড়া ধর্মের দোহাই দিয়ে বিএনপির নারী সমর্থকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিপক্ষকে ঘায়েল করতে জামায়াত ‘ইতর ব্যবহার’ করছে বলেও মন্তব্য করেন রিজভী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়