নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করলেও এখনো কোনো সমাধান আসেনি। এরই মধ্যে এই জটিলতা নতুন মোড় নিতে যাচ্ছে।
বাংলাদেশের দাবি পূরণ না হলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। এক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশের নিরাপত্তাজনিত সমস্যা সমাধান না হলে পাকিস্তানও তাদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
এদিকে বাংলাদেশের ভেন্যু–সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বিকেলে তিনি বিসিবির সঙ্গে বৈঠক করেন। একই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
আইসিসির সঙ্গে বৈঠক শেষেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আবারও বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়।
বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশেষ করে দলের খেলোয়াড়, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি আইসিসির কাছে গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়,
‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’
তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়