ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ছয় দিন পরও আঙুলে থাকা কালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ধর্মীয় বিধান অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না— এ নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
গত মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের দুশ্চিন্তার কথা জানান বর্ষা। ছবিতে দেখা যায়, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনও স্পষ্টভাবে ভোটের কালির দাগ রয়ে গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কেউ তাকে আশ্বস্ত করে জানান, ভোটের কালি সাধারণত অজুতে বাধা সৃষ্টি করে না। আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।’







