সংবিধান সংস্কার সংক্রান্ত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংশোধিত ফলাফলে আগের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—উভয় ভোটই কমেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটে সংশোধিত তথ্য প্রকাশ করা হয়।
সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি, যার মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোট দাঁড়ায় ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি।
এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক গেজেটে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বিশ্লেষণে দেখা গেছে, নতুন সংশোধনীতে ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। একই সঙ্গে বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি।
তবে ফলাফল সংশোধনের নির্দিষ্ট কারণ জানায়নি বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের আদেশক্রমেই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়