1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচন করবেন ডা. তাসনিম জারা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়ে দলীয় গ্রুপে দেওয়া বার্তায় তিনি লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।”

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও লেখেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়ব। পরিস্থিতি যাই হোক, সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।”

নিজেকে জনগণের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, “দলীয় প্রার্থী হলে অফিস, সংগঠিত কর্মী বাহিনী ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার ইচ্ছার প্রতি যদি আপনারা সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।”

ঢাকা-৯ আসনের ভোটারদের উদ্দেশে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তুলে ধরেন ডা. তাসনিম জারা। প্রথমত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে আইন অনুযায়ী ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হবে, যা এক দিনে সংগ্রহ করা অত্যন্ত কঠিন। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

দ্বিতীয়ত, নির্বাচনী তহবিলে যারা আগে অনুদান দিয়েছেন এবং তার পরিবর্তিত সিদ্ধান্তের কারণে অর্থ ফেরত নিতে চান, তাদের জন্য ফেরত দেওয়ার প্রক্রিয়ার কথাও তিনি পোস্টে উল্লেখ করেন। বিকাশে পাঠানো অর্থ ফেরতের জন্য একটি ফর্ম পূরণ করার অনুরোধ জানান এবং ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের বিষয়ে পরে জানানো হবে বলে উল্লেখ করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!