1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ঢাকা-৯ আসনে ইশতেহার ঘোষণা ডা. তাসনিম জারার

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, “আমি অতিথি পাখি নই, আমি আপনাদের ঘরের মেয়ে। ঢাকা-৯ এই শহরের প্রাণ হলেও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়। গুলশান-বনানীর মতো সমান ট্যাক্স ও বিল দিলেও আমরা তৃতীয় শ্রেণির সেবা পাই।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

নিজেকে পেশাদার রাজনীতিক নয় উল্লেখ করে ডা. জারা বলেন, এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

ইশতেহারে তিনি গ্যাস সংকট, ভাঙা রাস্তা ও জলাবদ্ধতাকে অগ্রাধিকার দিয়েছেন। গ্যাস সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রতি মাসে বিল দিচ্ছি, কিন্তু চুলা জ্বালালে বাতাস বের হয়—এটি এক ধরনের প্রতারণা।” সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি ‘সেবা না দিলে বিল নেই’ (নো সার্ভিস, নো বিল) নীতি চালুর জন্য আইন প্রস্তাব করবেন বলে জানান। তিতাস গ্যাস সরবরাহ করতে না পারলে সেই মাসের বিল মওকুফের দাবিও তুলবেন তিনি।

ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও রাস্তা সংস্কারে ঠিকাদারদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

চিকিৎসক হিসেবে স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ডা. জারা বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমাতে জনবল বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা হবে। পাশাপাশি পাড়ার ক্লিনিকগুলোকে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলা এবং সারা বছর মশা নিধনের জন্য স্থায়ী স্কোয়াড গঠনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষাক্ষেত্রে কোনো ‘এমপি কোটা’ বা ভর্তি বাণিজ্য থাকবে না বলে অঙ্গীকার করেন তিনি। প্রতিটি স্কুলকে আধুনিক ল্যাবরেটরিতে রূপান্তরের মাধ্যমে শিক্ষার্থীদের কোডিং, এআই ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার পরিকল্পনার কথাও জানান। একই সঙ্গে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় এনে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন।

তরুণ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ ফান্ড গঠন এবং কর্মজীবী মায়েদের জন্য প্রতিটি ওয়ার্ডে সরকারি খরচে ‘কমিউনিটি ডে-কেয়ার সেন্টার’ স্থাপনের প্রতিশ্রুতি দেন ডা. তাসনিম জারা।

জবাবদিহিতার নতুন মডেল হিসেবে তিনি নির্বাচিত হলে একটি স্থায়ী সংসদ সদস্য কার্যালয় স্থাপন ও একটি ডিজিটাল ড্যাশবোর্ড চালুর কথা জানান, যেখানে ভোটাররা সরাসরি অভিযোগের অগ্রগতি জানতে পারবেন।

ভোটারদের উদ্দেশে ডা. জারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর স্বচ্ছভাবে দেশ গড়ার যে সুযোগ এসেছে, সেই বিশ্বাস থেকেই রাজনীতিতে এসেছি। এবার একজন ডাক্তারকে সুযোগ দিন—যে জানে রোগ কোথায়, আর ওষুধ কোনটা।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!