ক্ষমতায় আসলে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি একটি নিকৃষ্ট কাজ, যা ভিক্ষার চেয়েও ঘৃণিত।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা–৪ ও ঢাকা–৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশে এখন একটি নতুন পেশা বেশ ভালোভাবে চলছে। আপনারা বলতে পারবেন পেশাটার নাম কী? এর নাম চাঁদাবাজি।” এরপর জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “আপনারা কি কেউ চাঁদাবাজের ভাই, বাবা, সন্তান, স্ত্রী, মা বা বোন হতে রাজি আছেন?” জনতা একযোগে ‘না’ বলে সাড়া দেয়।
জামায়াত আমির বলেন, যারা এই পেশার সঙ্গে জড়িত, আজকের এই জনসভা থেকে তাদের প্রতি অনুরোধ—ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ।
তবে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই পথ না ছাড়েন, তাহলে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ লালকার্ড। চাঁদাবাজি আমরা করব না, কাউকেও করতে দেব না। চাঁদাকে আমরা ঘৃণা করি। এটা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। ইনশাআল্লাহ, কারো মায়ের সন্তানকে আমরা চাঁদাবাজ হতে দেব না। কথা একদম সাফ—এখানে কোনো রাখঢাক নেই।”
বক্তব্যের শেষ দিকে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শুধু জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ, সেই বিজয়ই আমরা চাই।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়